প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 13, 2026 ইং
আচমকা বজ্রসহ বৃষ্টি ও ঝড় আঘাতে ৩ জনের মৃত্যু

আচমকা বজ্রসহ বৃষ্টি ও ঝড় আঘাতে ৩ জনের মৃত্যু
সত্যেরসংবাদডেক্স:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আচমকা বজ্রসহ বৃষ্টি ও ঝড় আঘাত হেনেছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর শুরু হওয়া এই ঝড় ও তীব্র শিলাবৃষ্টিতে জনজীবন লণ্ডভণ্ড হয়ে পড়ে। মাত্র ৩০ মিনিটের এই তাণ্ডবে একদিকে তাপমাত্রা কমে স্বস্তি ফিরলেও অন্যদিকে বিপাকে পড়েন সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী প্রথমে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। কিছুক্ষণ পরই শুরু হয় প্রবল বেগে ঝোড়ো হাওয়া। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, মগবাজারসহ বিভিন্ন এলাকায় বড় আকারের শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। ঝড়ে অনেক এলাকায় গাছপালা ভেঙে পড়ার উপক্রম হয়।
এই আকস্মিক দুর্যোগে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন রাজধানীর ভাসমান ও খেটে খাওয়া মানুষ। রাস্তার ধারে বা খোলা জায়গায় অবস্থানরত অনেকেই তড়িঘড়ি করে বিভিন্ন ভবনের নিচে বা শেডে আশ্রয় নেন। ঝড়ের সঙ্গে ঠান্ডা বাতাস বইতে থাকায় হঠাৎ করেই আবহাওয়ায় শীতের আমেজ ফিরে আসে।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার দ্বিতীয় দিনেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এদিকে আচমকা এই ঝড়ে ঠাকুরগাঁওয়ে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নেত্রকোণায় বজ্রপাতে আরও দুজন নিহত হয়েছেন।
১৩.০৩.২০২৬
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সত্যের সংবাদ